• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩৩:৪৭ (08-May-2026)
  • - ৩৩° সে:

জুলাই যুদ্ধের পরিবর্তন ভিন্নখাতে নিতে চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

৮ মে ২০২৬ দুপুর ০২:৪৩:৪৯

জুলাই যুদ্ধের পরিবর্তন ভিন্নখাতে নিতে চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে। তবে একটি মহল এই পরিবর্তনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

৮ মে শুক্রবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কাছারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

মন্ত্রী বলেন, ‘জুলাইয়ে আমাদের সন্তানেরা যে লড়াই করেছে, আমরা একে জুলাই যুদ্ধ বলি। এই আন্দোলনের মাধ্যমে নতুন পরিবর্তন এসেছে, নতুন নির্বাচন হয়েছে। মানুষ নতুন সরকারের প্রতি আশা নিয়ে আছে।’

Ad

তিনি অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট শক্তি দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। অর্থনীতি লুটপাট হয়েছে, ব্যাংক খাত ধ্বংস করা হয়েছে এবং প্রশাসন ভেঙে দেওয়া হয়েছে। এসবের বিরুদ্ধে লড়াই করেই আমরা আজকের অবস্থানে এসেছি।’

মির্জা ফখরুল বলেন, ‘অনেকেই ছোটখাটো ইস্যু তৈরি করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। আমরা কেউ চাই না দেশে আবার কোনো গোলযোগ হোক।’

অনুষ্ঠানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম ও সমাজভাবনা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘কবিতা, গান, নাটক, গদ্য সব ক্ষেত্রেই রবীন্দ্রনাথের অবাধ বিচরণ ছিল। গীতাঞ্জলি লিখে তিনি বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন। রবীন্দ্রনাথকে সারাজীবন পড়লেও শেষ করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘যে মানুষ সাহিত্যচর্চা করে, গান শোনে বা কবিতা পড়ে, সে নিঃসন্দেহে ভালো মানুষ হয়।’

মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে একটি হতাশাবাদী গোষ্ঠী আছে, যারা সমাজকে অস্থির করে রাখতে চায়। তবে আমাদের মনে রাখতে হবে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং গণতন্ত্রও আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই ফিরে পেয়েছি।’

রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us