আন্তর্জাতিক ডেস্ক: গ্রিনল্যান্ড নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ নতুন করে আলোচনায় আসার পর যুক্তরাষ্ট্রের ভূখণ্ড সম্প্রসারণের ইতিহাসও আবার সামনে এসেছে। গত দুই শতকে একাধিক অঞ্চল ক্রয়ের মাধ্যমে বর্তমান মানচিত্র গড়ে তুলেছে দেশটি। ইতিহাসবিদদের মতে, এসব অধিগ্রহণের পেছনে নিরাপত্তা, বাণিজ্য ও কৌশলগত স্বার্থই ছিল প্রধান চালিকাশক্তি।
এখানে, গত দুই শতকে যুক্তরাষ্ট্রের সীমানা সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি ভূমি কেনার ঘটনা তুলে ধরা হলো।
লুইজিয়ানা ক্রয় (১৮০৩)
১৮০৩ সালে প্রেসিডেন্ট থমাস জেফারসনের আমলে ফ্রান্সের কাছ থেকে প্রায় ২০ লাখ বর্গকিলোমিটার আয়তনের লুইজিয়ানা অঞ্চল ১ কোটি ৫০ লাখ ডলারে কিনে নেয় যুক্তরাষ্ট্র। এই অধিগ্রহণে দেশটির আয়তন প্রায় দ্বিগুণ হয়ে যায় এবং পশ্চিমমুখী সম্প্রসারণের পথ উন্মুক্ত হয়।
মেক্সিকোর কাছ থেকে বিশাল ভূখণ্ড (১৮৪৮)
মেক্সিকো-যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে ১ কোটি ৫০ লাখ ডলারের বিনিময়ে বর্তমান ক্যালিফোর্নিয়া, নেভাডা, ইউটাহসহ কয়েকটি অঙ্গরাজ্যের বিস্তীর্ণ এলাকা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসে। ইতিহাসবিদদের মতে, যুদ্ধের পরাজয়ের কারণেই মেক্সিকো এ চুক্তিতে রাজি হতে বাধ্য হয়েছিল।
গ্যাডসডেন ক্রয় (১৮৫৩)
রেলপথ নির্মাণ ও দক্ষিণ সীমান্ত নির্ধারণের উদ্দেশ্যে মেক্সিকোর কাছ থেকে প্রায় ৭৭ হাজার বর্গকিলোমিটার ভূমি ১ কোটি ডলারে কিনে নেয় যুক্তরাষ্ট্র। বর্তমানে এই এলাকা অ্যারিজোনা ও নিউ মেক্সিকোর অংশ।
আলাস্কা ক্রয় (১৮৬৭)
রাশিয়ার কাছ থেকে ৭২ লাখ ডলারে প্রায় ১৫ লাখ ৫৪ হাজার বর্গকিলোমিটার আয়তনের আলাস্কা কিনে নেয় যুক্তরাষ্ট্র। শুরুতে এ সিদ্ধান্ত সমালোচিত হলেও পরে সেখানে সোনা, তেল ও প্রাকৃতিক সম্পদের বিশাল মজুত আবিষ্কারের পর এটি যুক্তরাষ্ট্রের অন্যতম সফল ভূমি অধিগ্রহণ হিসেবে বিবেচিত হয়।
ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জ (১৯১৭)
যুক্তরাষ্ট্র সর্বশেষ ডেনমার্কের কাছ থেকে ক্যারিবীয় অঞ্চলের তিনটি দ্বীপ—বর্তমান ইউএস ভার্জিন আইল্যান্ডস—২ কোটি ৫০ লাখ ডলারে কিনে নেয়। ক্যারিবীয় অঞ্চলে সামরিক ও নৌ-কৌশলগত অবস্থান শক্তিশালী করাই ছিল এই ক্রয়ের প্রধান উদ্দেশ্য।
গ্রিনল্যান্ড প্রসঙ্গ
বর্তমানে ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তার যুক্তি তুলে ধরে গ্রিনল্যান্ডের মালিকানা অর্জনের আগ্রহ প্রকাশ করেছে। যদিও ট্রাম্প সাম্প্রতিক বক্তব্যে বলেছেন, তিনি এ বিষয়ে আলোচনার পথেই এগোতে চান এবং বলপ্রয়োগের পক্ষে নন।
ইতিহাসবিদদের মতে, যুক্তরাষ্ট্রের অতীতের ভূমি অধিগ্রহণগুলোর সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুর কিছু মিল রয়েছে। অতীতেও ওয়াশিংটন কৌশলগত ও নিরাপত্তাজনিত প্রয়োজনের কথা উল্লেখ করে একাধিক অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে এনেছিল।
সূত্র: বিবিসি বাংলা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available