• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:১৭:২৪ (28-Jun-2026)
  • - ৩৩° সে:

৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

২৮ জুন ২০২৬ সকাল ১০:১৩:৩৮

৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের এক নবজাতককে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। এর প্রায় দেড় ঘণ্টা পর একই স্থান থেকে শিশুটির মাকেও জীবিত উদ্ধার করা হয়।

দেশটির রাজধানী কারাকাসের উত্তরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় শহর লা গুয়াইরায় ২৬ জুন শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। ২৭ জুন শনিবার বার্তা সংস্থা এএফপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওর বরাতে এ তথ্য জানিয়েছে।

ভিডিওতে দেখা যায়, ধসে পড়া ভবনের কংক্রিটের বিশাল স্তূপে ফ্লাডলাইটের আলোয় অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। দীর্ঘ সময়ের অনুসন্ধানের পর তারা ধ্বংসস্তূপের নিচ থেকে অক্ষত অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করতে সক্ষম হন। শিশুটিকে জীবিত উদ্ধার করা হলে সেখানে উপস্থিত উদ্ধারকর্মী ও স্বজনদের মধ্যে স্বস্তি ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আরেকটি ভিডিওতে দেখা যায়, কাঁথার মতো একটি কাপড়ে জড়িয়ে শিশুটিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে একজন উদ্ধারকর্মীর হাত থেকে আরেকজনের হাতে তুলে দেওয়া হচ্ছে। পরে তার শরীর আলতোভাবে পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা আন্দ্রেয়িনা কুইন্তেরো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম ভিডিওটি প্রকাশ করেন। তিনি জানান, উদ্ধার হওয়া শিশুটির বয়স মাত্র ১৮ দিন। প্রায় ৩২ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পরও তার শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

শিশুটিকে উদ্ধারের প্রায় দেড় ঘণ্টা পর একই ধ্বংসস্তূপ থেকে তার মাকেও জীবিত উদ্ধার করা হয়।

পরে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে দায়িত্বরত এক চিকিৎসক তাকে আশ্বস্ত করে জানান, তার সন্তান সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং তার শরীরে কোনো গুরুতর আঘাতের চিহ্ন নেই।

চিকিৎসকের ধারণা, ভূমিকম্পের সময় মা নিজের শরীর অথবা আশপাশের কোনো শক্ত বস্তুর আড়ালে শিশুটিকে সুরক্ষিত রাখার চেষ্টা করেছিলেন। ফলে ওপর থেকে ধ্বংসাবশেষ ভেঙে পড়লেও নবজাতকটি প্রাণে বেঁচে যায়। চিকিৎসকদের মতে, মায়ের এই আত্মত্যাগই শিশুটির জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, গত বুধবার রাতে ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: এএফপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us