স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপের উন্মাদনাকে কাজে লাগিয়ে অভিনব কৌশলে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পেরুর পুলিশ। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল মাসকটের ছদ্মবেশ ধারণ করেছিলেন।
বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, পেরুর রাজধানী লিমার একটি এলাকায় সম্প্রতি এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের দুই সদস্য বিশ্বকাপের দুটি অফিশিয়াল মাসকটের পোশাক পরে সন্দেহভাজন মাদক কারবারির বাড়ির কাছে অবস্থান নেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ব্যক্তি ফুটবলের বড় ভক্ত এবং বিশ্বকাপ নিয়ে বেশ উৎসাহী। সেই তথ্য কাজে লাগিয়ে মাসকট সেজে তার বাড়ির কাছে পৌঁছে অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তির নাম কার্লোস কাবরেরা (৪৮)। পেরুর পুলিশের গ্রিন স্কোয়াডের প্রধান কর্নেল কার্লোস ফ্রেদি আলকান্তারা জানান, অভিযানের সময় কাবরেরা বাড়িতে বসে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখছিলেন।
পুলিশের দাবি, অভিযানে তার কাছ থেকে ২ হাজার ৫২৪ প্যাকেট কোকেন বেস পেস্ট এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
পেরুর পুলিশের জন্য এমন ছদ্মবেশী অভিযান নতুন নয়। এর আগে দ্য গ্রিঞ্চ, ডেডপুল, উলভারিন ও সান্তা ক্লজের বেশ ধারণ করেও তারা বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তার করেছে।
বিশ্বকাপের মাসকট সেজে পরিচালিত এই অভিযান সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: এপি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available