আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেনও এই যুদ্ধবিরতির সত্যতা নিশ্চিত করেছে।
স্থানীয় সময় ৮ মে শুক্রবার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। ট্রাম্প জানান, শনিবার থেকে সোমবার পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।


ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মধ্যে ৯, ১০ ও ১১ মে—এই তিন দিনের যুদ্ধবিরতি হবে।’

এর কিছুক্ষণ পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিকমাধ্যম এক্সে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই তিন দিনের যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হয়েছে।
রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেন, যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে টেলিফোন যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে সমঝোতা হয়েছে। একই সময়ে মার্কিন প্রতিনিধিরা কিয়েভের সঙ্গেও যোগাযোগ রাখেন।
তিনি জানান, সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের ফোনালাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই দেশের মিত্রতার প্রসঙ্গের পাশাপাশি রাশিয়ার ‘ভিক্টরি ডে’ উদ্যাপন ঘিরে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এর আগে রাশিয়া ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে দুই দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। ইউক্রেনও আগে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল বলে দাবি করলেও মস্কো তা উপেক্ষা করেছিল বলে জানিয়েছিল কিয়েভ।
২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো কোনো বড় অগ্রগতি হয়নি। বর্তমানে যুদ্ধের সবচেয়ে বড় অচলাবস্থা তৈরি হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চল নিয়ে, যার প্রায় তিন-চতুর্থাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র: আল-জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available