আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ইরানের পাশে রয়েছে রাশিয়া।
২১ মার্চ শনিবার ফারসি নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানের নেতাদের শুভেচ্ছা বার্তায় এ কথা জানান তিনি। ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইরানি জনগণের প্রতি শুভকামনা জানিয়ে চলমান কঠিন পরিস্থিতি মোকাবিলায় তাদের দৃঢ়তা কামনা করেছেন।


ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যকে গভীর সংকটে ফেলেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি করেছে। পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ বলে উল্লেখ করেন।

এদিকে মার্কিন গণমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব দিয়েছিল মস্কো, ওয়াশিংটন যদি ইউক্রেনকে রাশিয়া-সংক্রান্ত গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তবে রাশিয়াও ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করবে। তবে যুক্তরাষ্ট্র এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে প্রতিবেদনে বলা হয়। যদিও এ তথ্যকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন।
বিশ্লেষকদের মতে, রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারত্ব থাকলেও তাদের চুক্তিতে সরাসরি পারস্পরিক প্রতিরক্ষা ধারা নেই। একই সঙ্গে রাশিয়া বরাবরই বলে আসছে, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে কারণ এতে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা বাড়তে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available