আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বিভিন্ন জায়গায় আজ ২২ ফেব্রুয়ারি রোববার ভোরে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। সীমান্তবর্তী অঞ্চলে এসব হামলার পর দেশটির তালেবান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জরুরি বৈঠক করেছেন। সেখানে পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার ব্যাপারে আলোচনা হয়।

আফগান সরকার এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান হামলা চালিয়ে আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে এবং কাবুলের এটির জবাব দেওয়ার অধিকার আছে। কোন সময় প্রতিশোধমূলক হামলা চালানো হবে সেটি তালেবান নেতৃবৃন্দ নির্ধারণ করবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।


সংবাদমাধ্যম দ্য উইক জানিয়েছে, পাকিস্তান নতুন করে হামলা চালিয়ে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘ করেছে বলে মনে করছে আফগান সরকার। এ ব্যাপারে সৌদি আরব, কাতার ও তুরস্কের মতো মধ্যস্থতাকারী দেশগুলোকে অবহিত করেছে আফগানিস্তান।
জানা গেছে, সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এফ-১৬ এবং জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। পাকিস্তান দাবি করেছে, গোয়ন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে সূক্ষ্ম হামলা চালানো হয়েছে। তবে আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে এক পোস্টে জানিয়েছেন, পাকিস্তানের বিমানবাহিনী বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে। এতে অন্তত ডজনখানেক মানুষের মৃত্যু হয়েছে।
গত বছর আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর সংঘর্ষ থামে। তবে সম্পতি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা বেড়ে গেছে। এসব হামলার পরিকল্পনা আফগানিস্তান থেকে করা হয়েছে দাবি করে দেশটি আজ আফগানিস্তানে হামলা চালিয়েছে। সূত্র: দ্য উইক
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available