আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশের জেরে আরব আমিরাতে এক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
১৪ মার্চ শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম (আমিরাত নিউজ এজেন্সি) এ খবর জানিয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি গ্রেফতারদের জরুরি বিচারের নির্দেশ দিয়েছেন।


প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্রের বিভ্রান্তিকর ও মিথ্যা ভিডিও ক্লিপ প্রকাশ করেছিল, যা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

তদন্তে দেখা গেছে, এসব ভিডিওতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হামলা প্রতিরোধের দৃশ্য, মাটিতে পড়া ক্ষেপণাস্ত্র, জনসমাগম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো বিস্ফোরণ ও হামলার ভুয়া দৃশ্য দেখানো হয়েছে। কিছু ভিডিওতে শিশুদের আবেগ ব্যবহার করে নিরাপত্তা হুমকি মনে করানোর চেষ্টাও করেছে। এছাড়া ভিডিওতে দেশীয় সামরিক স্থাপনা ধ্বংস বা বিদেশের ঘটনা সংযুক্ত আরব আমিরাতে ঘটেছে বলে ভুয়া দাবি করা হয়েছে।
দেশটির পাবলিক প্রসিকিউশন ইতিমধ্যে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং তাদের কারাগারে রাখার নির্দেশ দিয়েছে। তিনি আরও জানিয়েছেন, ডিজিটাল মাধ্যম বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো বা দেশের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বিপন্ন করার কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না।
এদিকে, কর্তৃকপক্ষের প্রকাশিত তথ্যনুযায়ী, উল্লিখিত অভিযুক্তদের তালিকায় বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে একজন মিশর, একজন ফিলিপাইন, একজন ভিয়েতনাম, একজন পাকিস্তান, একজন ইরান, একজন বাংলাদেশ, একজন ক্যামেরুন, একজন নেপাল এবং দুইজন ভারতের রয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available