কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ব্যতিক্রমী এক মানবিক আয়োজনের মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে ঈদের আনন্দ। উপজেলার পাহাড়পুর বাধাগ্রস্ত শিশু বিদ্যালয়ে (প্রতিবন্ধী) আয়োজিত এই কর্মসূচি স্পর্শ করেছে উপস্থিত সবার হৃদয়।
১৯ মার্চ বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। যে শিশুরা স্বাভাবিকভাবে চলাফেরা বা নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারে না, তাদের হাতে উপহার তুলে দেওয়ার মুহূর্তে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। খাদ্যসামগ্রী ও ভালোবাসার স্পর্শ পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে নির্মল হাসি, যা উপস্থিত সবার মন ছুঁয়ে যায়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক, লেখক ও সংগঠক নাজমুল হুদা, এশিয়ান টেলিভিশন অনলাইন নিউজ এডিটর ও বিদ্যালয়ের পরিচালক এম হাফিজ, প্রধান শিক্ষিকা শিউলি খাতুন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, সাবেক সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, ইমাম হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রায় ২৭০ জন প্রতিবন্ধী শিশুর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সমাজের অবহেলিত এসব শিশুদের নিয়ে কাজ করে আসছে। তাদের বিশ্বাস, যথাযথ যত্ন, ভালোবাসা ও সহায়তা পেলে এই শিশুরাও ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হতে পারে।
আয়োজকরা জানান, এটি শুধু একটি বিতরণ কর্মসূচি নয়, বরং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তারা, যাতে এসব শিশু স্বপ্ন দেখার অধিকার ও বাঁচার নতুন সাহস পায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available