বিনোদন ডেস্ক: পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও বাংলাদেশে পারফর্ম করতে আসছেন। আগামী ২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’।
আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন জানিয়েছে, গত বছরের স্থগিত হওয়া কনসার্টটি এবার পূর্ণাঙ্গভাবে আয়োজনের মাধ্যমে আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় আতিফ আসলামের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টিকিট বিক্রি এবং সব প্রস্তুতি সম্পন্ন হলেও অনুষ্ঠানের দুই দিন আগে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে সেটি স্থগিত করা হয়।
পরে আয়োজকরা জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল নয়, বরং পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় আয়োজন করা হবে। একই সময়ে আতিফ আসলাম তার অফিসিয়াল ফেসবুক পেজে বার্তা দিয়ে জানান, তিনি আবারও বাংলাদেশে আসবেন এবং আগের কনসার্টের টিকিট নতুন আয়োজনের জন্য বৈধ থাকবে।
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, নতুন কনসার্টের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্রসহ সব ধরনের সরকারি অনুমতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে ভেন্যুর নাম শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
পুরোনো টিকিটধারীদের জন্য নির্দেশনা
আয়োজকদের মতে, ২০২৫ সালের ‘মেইন স্টেজ শো’ এর টিকিট যারা কিনেছিলেন এবং রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কিনতে হবে না। তাদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে পুনরায় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যার মাধ্যমে নতুন টিকিট বিনামূল্যে ইস্যু করা হবে।
যারা রিফান্ডের জন্য আবেদন করেছিলেন, তারাও আবেদন প্রত্যাহার করে টিকিট পুনর্বহালের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।
নতুন টিকিট বিক্রি
নতুন দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিট বিক্রি করা হবে ‘গেট মাই টিকেট.লাইভ’ প্ল্যাটফর্মের মাধ্যমে। টিকিটের মূল্য, ক্যাটাগরি ও বিক্রির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশনের পরিচালক কাজী রাফসান বলেন, গত বছর স্থগিত হওয়া কনসার্টটি সফলভাবে আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘এটি শুধু একটি কনসার্ট নয়, বরং আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন। যারা টিকিট কিনেছিলেন, তাদের জন্য কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নতুন টিকিট ইস্যু করা হবে।’
সব প্রস্তুতি সম্পন্ন হলে ২৪ জুলাই ঢাকায় আবারও মঞ্চ মাতাবেন আতিফ আসলাম এমনটাই জানিয়েছেন আয়োজকরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available