• ঢাকা
  • |
  • শনিবার ৫ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৫:২৩:৪১ (20-Jun-2026)
  • - ৩৩° সে:

অভাবে মেয়েকে বিক্রি, স্ত্রীকে বললেন ‘জিন-পরী নিয়ে গেছে’

১৯ জুন ২০২৬ সকাল ০৯:৪৯:৪৯

অভাবে মেয়েকে বিক্রি, স্ত্রীকে বললেন ‘জিন-পরী নিয়ে গেছে’

ডেস্ক রিপোর্ট: মাগুরায় দারিদ্র্যের কারণে দেড় মাস বয়সী কন্যাশিশুকে স্ত্রীর অগোচরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পরে শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনা আড়াল করতে স্ত্রীকে তিনি বলেন, ‘জিন-পরী বাচ্চাকে নিয়ে গেছে।’ এমনকি বিষয়টি বিশ্বাসযোগ্য করতে বাড়িতে ওঝা-কবিরাজ ডেকে ঝাড়ফুঁকের ব্যবস্থাও করেন। তবে পুলিশের অভিযানে ২২ দিন পর শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনাটি মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতী গ্রামে। ১৮ জুন বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ মে ঈদুল আজহার আগের দিন সাগর হোসেন (৩৮) তার দেড় মাস বয়সী মেয়ে টুকটুকিকে ২৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন। সদর উপজেলার দক্ষিণ বীরপুর এলাকার শাহাবুর ও মনিরা দম্পতির কাছে স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে এ লেনদেন হয়। এ ঘটনায় কয়েকজন মধ্যস্থতাকারীর সম্পৃক্ততার তথ্যও পেয়েছে পুলিশ।

তদন্তে জানা গেছে, শিশুটিকে বিক্রির সময় সাগর ক্রেতাদের কাছে অন্য এক নারীকে নিজের স্ত্রী পরিচয় করিয়ে দেন। তিনি দাবি করেন, তার স্ত্রী ক্যানসারে আক্রান্ত এবং চিকিৎসার খরচ জোগাড় করতেই সন্তানকে দত্তক দেওয়া হচ্ছে।

অন্যদিকে প্রকৃত স্ত্রী তানজিলা খাতুনকে তিনি জানান, শিশুটিকে ‘জিন-পরী’ নিয়ে গেছে। পরে জিনের মাধ্যমে শিশুকে ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে দিনের পর দিন বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন।

শেষ পর্যন্ত সন্তানের খোঁজ না পেয়ে তানজিলা খাতুন স্থানীয় পুলিশকে বিষয়টি জানান। এরপর তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে শাহাবুর ও মনিরা দম্পতির বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে মায়ের জিম্মায় দেওয়া হয়।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ‘দারিদ্র্য কখনো সন্তান বিক্রির অজুহাত হতে পারে না। এটি একটি ঘৃণ্য ও শাস্তিযোগ্য অপরাধ।’ তিনি জানান, শিশুটি কেনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা পাচারের সংশ্লিষ্টতা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় শিশুটির বাবা, ক্রেতা দম্পতি এবং মধ্যস্থতাকারীদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিশুটির মা তানজিলা খাতুন বলেন, আর্থিক সংকট ও পারিবারিক চাপে তার স্বামী এমন কাজ করে থাকতে পারেন। তবে তিনি বলেন, ‘যত কষ্টই হোক, কোনো মা তার সন্তান অন্যের কাছে দিতে চায় না।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
১৯ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৩:৪৬







আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
আশা জাগিয়েও সিরিজ হারলো বাংলাদেশ
১৯ জুন ২০২৬ বিকাল ০৫:৫৬:২৯

Follow Us