ডেস্ক রিপোর্ট: আজ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
২১ মে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অপরদিকে কানাডার ইউনিভার্সিটি অব সাসকাচেওয়ানে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন বিষয়ে পিএইচডি গবেষণারত মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে রংপুর, রাজশাহী ও ময়মনিসংহ বিভাগের কৃষকদের সতর্ক করেছেন।
তিনি পোস্টে উল্লেখ করেছেন, ‘আজ সকাল ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। ফলে এই দুই বিভাগের বিভিন্ন জেলার কৃষকরা সকাল ৮টার পর থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা মাঠে কৃষিকাজ করা থেকে বিরত থাকুন, বজ্রপাতের আঘাত থেকে জীবন বাঁচাতে।’
তিনি আরও লিখেছেন, ‘এই পূর্বাভাস লেখার সময় (সকাল ৮টার সময়) তীব্র বজ্রপাতসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করছে। সকাল ১০টার মধ্যে রংপুর বিভাগের জেলাগুলোর উপর বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available