শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে, যা নিয়ে শিবচর উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৩ মার্চ শুক্রবার বিকেলে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত একটি ইফতার মাহফিলে তিনি এই বক্তব্য দেন। শুক্রবার রাত থেকেই চার মিনিট ২২ সেকেন্ডের সেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।


ভাইরাল হওয়া ভিডিওতে সংসদ সদস্য হানজালা বলেন, “আমি গত কয়েকদিন ধরে ভালোভাবে খেয়াল করেছি, আমাদের কিছু ভাইয়েরা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন। তারা অন্য কেউ নয়, তারা শিবচরের বিএনপি ভাইয়েরা। আমি হানজালা নির্বাচিত হওয়ার পর আমার নেতৃবৃন্দ কারও সঙ্গে খারাপ ব্যবহার করেনি, হুমকি-ধমকি দেয়নি। আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়, আমি শান্তি চাই।”

তিনি আরও বলেন, “আমার এক প্রার্থী বক্তব্য দিয়েছেন যে বিএনপিকে খোঁচাখুঁচি করবেন না। আরে আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাবে-ক্ষেতে, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে।"
বক্তব্যের এক পর্যায়ে তিনি নিজেকে উদার দাবি করে বলেন, ‘‘আমার জায়গায় যদি আজ অন্য কেউ হতো, তাহলে আপনাদের বাড়িঘরে কাউকে থাকতে দিত না। আগের এমপির বিরুদ্ধে এ দেশের একজনও কলম ধরতে পারেনি, আমি শিবচরের মানুষকে সেই বাক স্বাধীনতা দিয়েছি।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে সাইদ উদ্দিন আহমাদ হানজালা বিএনপির প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। তার এই বক্তব্য নিয়ে স্থানীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, একজন সংসদ সদস্য হয়ে তিনি এ ধরনের মন্তব্য করতে পারেন না।
শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সোহেল রানা এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, বর্তমান সংসদ সদস্য এবং তাঁর পরিবার পাঁচ আগস্টের আগে আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে ছিলেন। তিনি শিবচরে উগ্রবাদী রাজনীতির উত্থান ঘটাতে চাচ্ছেন এবং শান্তিপূর্ণ পরিবেশ উত্তপ্ত করার অভিপ্রায় থেকেই বিএনপিকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available