• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৩১:১২ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

১৯ জন হাসপাতালে ভর্তি

ভালুকায় ইফতারের বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

১৩ মার্চ ২০২৬ সকাল ০৮:৩৬:০৪

ভালুকায় ইফতারের বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় একটি জুতা তৈরির কারখানায় ইফতারের বিরিয়ানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১২ মার্চ বৃহস্পতিবার ইফতারের সময় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের চেচুয়ার মোড় এলাকায় অবস্থিত গ্লোবাল সুজ লিমিটেড নামের একটি জুতা কারখানায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

অসুস্থ শ্রমিকদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর অসুস্থ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Ad

কারখানার শ্রমিকরা জানান, প্রতিষ্ঠানটিতে প্রায় এক হাজার ২০০ শ্রমিক কাজ করেন। রমজান মাসে প্রতিদিনই শ্রমিকদের জন্য ইফতারের ব্যবস্থা করে কারখানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ইফতারের জন্য উপজেলার সিডস্টোর বাজারের একটি হোটেল থেকে বিরিয়ানি সরবরাহ করা হয়। ইফতার করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কয়েকজন শ্রমিক বমি করতে শুরু করেন। পরে একে একে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

কারখানার সুইং সেকশনের শ্রমিক ফাহাদ মিয়া বলেন, ‘ইফতারির খাবার খাওয়ার কিছুক্ষণ পরই অনেক শ্রমিকের বমি, পেটব্যথা ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। পরে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।’

একই সেকশনের ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ‘ইফতারে দেওয়া বিরিয়ানি খাওয়ার পর প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে।’

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান বলেন, ‘অসুস্থ কয়েকজন শ্রমিক হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, ‘রাত সাড়ে ১১টা পর্যন্ত ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক। তাদেরকে হাসপাতালের ১৩ ও ১৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, ‘দূষিত বা নষ্ট খাবার খাওয়ার ফলে ফুড পয়জনিংয়ের মতো ঘটনা ঘটতে পারে। রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম বুখারি
মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম বুখারি
১৩ মার্চ ২০২৬ দুপুর ১২:৩০:৪৬







Follow Us