ঢাকা কলেজ প্রতিনিধি: রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজের আবাসিক ছাত্রাবাসে স্নাতক ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের জন্য সিট বরাদ্দ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন। সাম্প্রতিক কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত ওই সভায় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সভাপতিত্বে শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় ছাত্রাবাস ব্যবস্থাপনা নিয়ে নতুন নীতিমালা প্রণয়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত আসে।


সিদ্ধান্ত অনুযায়ী, অনার্স ১ম থেকে ২য় বর্ষ পর্যন্ত কোনো শিক্ষার্থী আর আবাসিক ছাত্রাবাসে সিট বরাদ্দ পাবে না। তবে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা এক বছরের জন্য আবাসিক সুবিধা পাবেন। মাস্টার্স শেষপর্বের পরীক্ষা শেষ হওয়ার পর তাদের সিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

এছাড়াও সভায় উল্লেখ করা হয়, যারা ইয়ার ড্রপ বা পরীক্ষায় অকৃতকার্য হবে তাদের ক্ষেত্রে বিভাগ থেকে আবাসনের জন্য কোনো সুপারিশ করা যাবে না। একই সঙ্গে বিবাহিত শিক্ষার্থীদের ক্ষেত্রেও ছাত্রাবাসের সিট বাতিল বলে গণ্য হবে।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘বিবাহিতরা হলে থাকতে পারবে-এমন কোনো বিধান আমার জানা নেই, বিষয়টি যাচাই করা হবে। এটি অনেক আগে থেকেই কার্যকর রয়েছে। কেউ বিবাহিত হলে আমরা তার খোঁজ নেব।’
তিনি আরও বলেন, ‘অনার্স প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে সিট বরাদ্দ না দেওয়ার নিয়মও আগে থেকেই কার্যকর। প্রথম বর্ষে কোনো শিক্ষার্থী সিট পেলে সে দীর্ঘ সময় হলে অবস্থান করতে পারে, এতে অন্যরা বঞ্চিত হয়। তাই এ নীতিমালা পূর্ব থেকেই চালু রয়েছে।’
এ বিষয়ে শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা লিপি বলেন, ‘বিবাহিতদের হলে থাকার বিষয়টি আপেক্ষিক। কে বিবাহিত আর কে বিবাহিত নয়-এটি সবসময় জানা সম্ভব হয় না। তবে কোনো সমস্যা সৃষ্টি হলে বা সংশ্লিষ্ট পক্ষ থেকে অভিযোগ এলে প্রশাসন বিষয়টি বিবেচনা করবে।’
তিনি আরও বলেন, ‘হলের সিট পাওয়া শিক্ষার্থীদের অধিকার। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এটি বেশি প্রয়োজন। তাই অনেকেই মনে করেন, বিবাহিত শিক্ষার্থীরা বাইরে থেকে অবস্থান করে অন্যদের সুযোগ করে দিতে পারেন।’
অনার্স প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সিট না দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণভাবে কলেজ প্রশাসনের সিদ্ধান্ত। আগে থেকেই এ নিয়ম ছিল। আমি নিজেও প্রথম বর্ষে হলে সিট পাইনি। প্রথম বর্ষে সিট পেলে একজন শিক্ষার্থী দীর্ঘ সময় হলে থাকতে পারে, এতে অন্যরা বঞ্চিত হয়।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available