• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:২২:১২ (28-Jun-2026)
  • - ৩৩° সে:

আজ সারাদেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

২৮ জুন ২০২৬ সকাল ০৯:১৭:১১

আজ সারাদেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ প্রায় ১৪ মাস পর দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত অপুষ্টি কমানোর লক্ষ্যে আয়োজিত এ বিশেষ কর্মসূচি আজ ২৮ জুন রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে পরিচালিত হবে।

ক্যাম্পেইনের আওতায় সাধারণত ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শিশুদের এই ক্যাপসুল দেওয়া হবে না। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতীয় কর্মসূচির সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

যেসব শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে না

৬ মাসের কম বয়সী শিশু: বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, যেসব শিশুর বয়স এখনও ৬ মাস পূর্ণ হয়নি, তাদের এই ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে না।

সম্প্রতি উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ গ্রহণ করেছে এমন শিশু: গত ২৮ থেকে ৩০ দিনের মধ্যে অন্য কোনো কারণে উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়েছে—এমন শিশুদের পুনরায় এই ক্যাম্পেইনে ক্যাপসুল দেওয়া হবে না।

গুরুতর অসুস্থ শিশু: কোনো শিশু গুরুতর অসুস্থ থাকলে বা হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থায় থাকলে তাকে তাৎক্ষণিকভাবে ক্যাপসুল দেওয়া হবে না। আগে চিকিৎসা নিশ্চিত করে পরে স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুযায়ী ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

জ্বর, সর্দি-কাশি বা ডায়রিয়া থাকলে কী করবেন?

অনেক অভিভাবকের মনে প্রশ্ন থাকে, শিশুর জ্বর, সর্দি-কাশি বা ডায়রিয়া থাকলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে কি না। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হালকা জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া বা অপুষ্টি থাকলেও সাধারণত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিরাপদ। অর্থাৎ, এসব সাধারণ স্বাস্থ্যগত সমস্যা ক্যাপসুল দেওয়ার ক্ষেত্রে বাধা নয়।

বয়সভেদে থাকবে দুই ধরনের ক্যাপসুল

শিশুর বয়স অনুযায়ী দুটি ভিন্ন রঙের ক্যাপসুল খাওয়ানো হবে—

৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের দেওয়া হবে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দেওয়া হবে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত নানা জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে নিরাপদভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের নিকটস্থ ক্যাম্প বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: সময় টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us