রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পৌরসভার ডাম্পিং স্টোরে অপরিকল্পিতভাবে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে শহরের প্রবেশমুখ রেডিও স্টেশন এলাকায় আয়োজিত এই মানববন্ধনে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ অংশ নেন। এসময় তারা ময়লা বহনকারী গাড়ি আটকে দিয়ে ভাগারে বর্জ্য ফেলা বন্ধ করে দেন।


মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পৌরসভার এই ময়লার ভাগারে অপরিকল্পিতভাবে আবর্জনা ফেলার ফলে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং নানাবিধ রোগের ঝুঁকিতে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট, ডায়রিয়া ও চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে জানান তারা।

স্থানীয়দের দাবি, আবাসিক এলাকার এত কাছে এমন একটি ডাম্পিং স্টোর স্থাপন করা সম্পূর্ণ অযৌক্তিক। তারা দ্রুত এই ময়লার ভাগার অন্যত্র স্থানান্তরের পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
এদিকে সচেতন নাগরিকরা বিষয়টিকে গুরুতর বলে উল্লেখ করেছেন। তাদের মতে, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে শুধু স্থানীয় বাসিন্দাই নয়, পুরো শহরের পরিবেশের উপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। এতে জলাশয় দূষণ, ভূমির উর্বরতা হ্রাস এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
পৌরসভার পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available