নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোনার বিস্তীর্ণ হাওরজুড়ে এখন সোঁনালি স্বপ্ন কাটার উৎসব। বোরো ধান কাটার ব্যস্ততায় গত এক সপ্তাহে কৃষকদের কর্মচাঞ্চল্য বেড়েছে কয়েকগুণ। প্রখর রোদ, খোলা আকাশ আর বিস্তীর্ণ মাঠ-সব মিলিয়ে দিনভর পরিশ্রমে ক্লান্ত কৃষকদের বড় ভরসা ছিল না এক ফোঁটা বিশুদ্ধ পানি। তৃষ্ণা মেটাতে অনেকেই বাধ্য হয়েছেন অনিরাপদ পানির ওপর নির্ভর করতে।
এই বাস্তবতা নজরে আসতেই এগিয়ে আসেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। কৃষকদের কষ্ট লাঘবে দ্রুত উদ্যোগ নিয়ে হাওরজুড়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হয়েছে ২২ এপ্রিল বুধবার থেকে।


প্রথম ধাপে সোনাডুবি ও নাগডরা হাওরের পূর্ব-পশ্চিম প্রান্তে চারটি টিউবওয়েল বসানো হচ্ছে। পাশাপাশি মুক্তাখলা হাওর, হাইডুলি কান্দা ও রাজাপুর গ্রামের সামনে কাটাগুপাট এলাকাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এই কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী হাওরের বিভিন্ন এলাকায় এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

হাওরের কৃষক রফিক মিয়া বলেন, “রোদে পুড়ে সারাদিন কাজ করি, কিন্তু পানির জন্য কষ্ট ছিল সবচেয়ে বেশি। অনেক সময় দূর থেকে পানি আনতে হয়েছে, কখনও আবার তৃষ্ণায় বাধ্য হয়ে ময়লা পানিও খেতে হয়েছে। আমাদের ব্যারিস্টার কায়সার কামাল (ডেপুটি স্পিকার) ভাইয়ের উদ্যোগে এখন হাওরেই টিউবওয়েল পাচ্ছি, কাজের শক্তি ও স্বস্তি দুটোই বাড়বে।”
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “হাওরের কৃষকরাই আমাদের অর্থনীতির প্রাণশক্তি। তাদের পরিশ্রমেই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। তাদের কষ্ট কমাতে এবং নিরাপদ পানি নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে আরও এলাকায় টিউবওয়েল স্থাপন করা হবে।”
হাওরের মাঠে যখন সোনালি ধান ঝরে পড়ছে কৃষকের কাস্তেতে, ঠিক তখনই এক ফোঁটা বিশুদ্ধ পানির এই উদ্যোগ হয়ে উঠছে স্বস্তির নতুন গল্প।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available