হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে অর্থের লোভে বাবাকে অপহরণের অভিযোগ উঠেছে তালাকপ্রাপ্ত স্ত্রী, ছেলে-মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে। অবশেষে অপহরণের ১২ দিন পর ভিকটিম মেহের আলী (৬২) কে উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
১২ এপ্রিল রোববার বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন। এর আগে, ১১ এপ্রিল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এসই সুজা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বগুড়া থেকে তাকে উদ্ধার করে।


পুলিশ জানায়, হিলি মহিলা কলেজপাড়া এলাকার বাসিন্দা মেহের আলীকে তার তালাকপ্রাপ্ত স্ত্রী, ছেলে-মেয়ে ও জামাই অপহরণ করেছে, এমন অভিযোগ করেন ভিকটিমের বর্তমান স্ত্রী। অভিযোগের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।

উদ্ধারের পর মেহের আলী জানান, গত ৩১ মার্চ রাত আনুমানিক ৩টার দিকে তাহার তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীসহ ছেলে-মেয়ে ও জামাই তাকে জোরপূর্বক অপহরণ করে। প্রথমে তাকে জয়পুরহাটের আক্কেলপুরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। পরে পুলিশের তৎপরতা টের পেয়ে তাকে বগুড়ার একটি সেফ হোম মাদক নিরাময় কেন্দ্রে স্থানান্তর করা হয়।
ওসি জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়া থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া মেহের আলী বর্তমানে চিকিৎসাধীন থাকলেও শারীরিকভাবে সুস্থ আছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। আসাসিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available