নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পাকিস্তানি খাল পরিষ্কার ও খনন কার্যক্রম শুরু হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে নেওয়া এ কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
৭ এপ্রিল মঙ্গলবার সকালে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।


ডিএনডি বাঁধের অভ্যন্তরে থাকা ফতুল্লা ইউনিয়নের ইসদাইর, লালপুর, পৌষারপুকুরপাড়, মাসদাইর ও গাবতলী এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম এই পাকিস্তানি খাল। তবে গত দুই দশকে দখল ও অব্যবস্থাপনার কারণে খালটি প্রায় অস্তিত্ব হারাতে বসেছে। ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বছরের অধিকাংশ সময়ই এসব এলাকা ডুবে থাকত। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো ব্যাপক জলাবদ্ধতা, বাড়ত জনদুর্ভোগ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। তবে খাল খননের এই উদ্যোগ তাদের মধ্যে নতুন করে আশার আলো জাগিয়েছে। কার্যক্রমটি সম্পন্ন হলে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে এবং জলাবদ্ধতা অনেকটাই কমে যাবে বলে তারা আশা করছেন।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘ফতুল্লাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে আমরা আন্তরিকভাবে কাজ করছি। খাল খনন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে এ এলাকার মানুষ স্থায়ী সমাধানের সুফল ভোগ করবে।’
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল এবং ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available