নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় পাশাপাশি দুটি বাড়িতে পরিবারের সদস্যদের হাত–পা ও মুখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
২৬ মার্চ বৃহস্পতিবার দিবাগত ভোররাতে ফতুল্লার ভূইগড় পূর্বপাড়া আল আকসা মসজিদ সড়কে ব্যবসায়ী আমজাদ মিয়া ও কুদ্দুস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।


এর মধ্যে বাড়ির মালিক আমজাদ মিয়া ঈদের ছুটিতে স্ত্রী-সন্তান নিয়ে কক্সবাজারে অবস্থান করছিলেন। বাড়িতে ছিলেন তাঁর শ্যালক হাফেজ সাইফুল্লাহ। শুক্রবার ভোরে বাড়িতে ফিরে এসে আমজাদ মিয়া দেখেন, সাইফুল্লাহর হাত–পা ও মুখ বাঁধা অবস্থায় তিনি মেঝেতে পড়ে আছেন।

ভুক্তভোগীর জানায়, ভোররাতে ২০ থেকে ২৫ বছর বয়সী ১৫–১৮ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র নিয়ে গেটের তালা কেটে বাড়িতে প্রবেশ করে। তারা সাইফুল্লাহকে বেঁধে আলমারি ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ ১৫ হাজার টাকা লুট করে।
একই সময় ডাকাতরা পাশের বাড়ি কুদ্দুস মিয়ার বাড়িতে ঢুকে পড়ে। কুদ্দুস মিয়ার ছেলে জোবায়ের হোসেন জানান, দেয়াল টপকে বাড়িতে ঢুকে ডাকাতরা প্রথমে তাঁর হাত–পা ও মুখ বেঁধে ফেলে। পরে তাঁর বাবা-মাকে জিম্মি করে আলমারি ভেঙে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার, ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে নেয়। এ সময় চিৎকার করলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়। ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়রা এসে ভুক্তভোগীদের উদ্ধার করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available