ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের দুর্গম চরাঞ্চল ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই প্রস্তুতির অংশ হিসেবে ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে একটি বাস্তবভিত্তিক প্রস্তুতিমূলক মহড়া পরিচালনা করা হয়। সেনাবাহিনী ও প্রশাসনের একাধিক সূত্র জানায়, ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলগুলোতে যোগাযোগব্যবস্থা দুর্বল, বিচ্ছিন্নতা বেশি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছানো কঠিন হওয়ায় এসব এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।


সূত্রগুলো আরও জানায়, ভোটগ্রহণের দিন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক হস্তক্ষেপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিত করতেই এ আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের দিকনির্দেশনায় পরিচালিত মহড়ায় দুর্গম ভোটকেন্দ্রে সেনা মোতায়েন, হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত উদ্ধার ও রসদ সরবরাহ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পরিস্থিতির অবনতি হলে দ্রুত প্রতিক্রিয়া জানানোর কৌশল অনুশীলন করা হয়।
মহড়ায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন। এ সময় স্থানীয় ভোটারদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচনের সময় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। প্রয়োজনে নৌপথ ও আকাশপথ ব্যবহার করে দ্রুত জনবল ও সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।
তারা আরও বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করা এবং দুর্গম চরাঞ্চলের ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার সুরক্ষায় সেনাবাহিনীর এই প্রস্তুতিমূলক কার্যক্রম নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available