ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন সরকারি ও বেসরকারি ব্যাংক বন্ধ থাকবে। ফলে ঈদের ছুটির আগে আজ ২৩ মে শনিবার ও আগামীকাল রোববার—এই দুই দিন স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় ২৩ ও ২৪ মে তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচিতে খোলা থাকবে।
তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ এবং আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে কিছু ব্যাংক খোলা থাকবে।
ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোতে ওই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। গ্রাহক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এ সময় বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (ব্যাচ), রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ও বিইএফটিএনের নির্ধারিত কার্যক্রমও সীমিত সময়সূচিতে পরিচালিত হবে।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথ সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালুর আগের নির্দেশনা বহাল থাকবে। ঈদের ছুটির মধ্যেও আমদানি-রফতানি সংশ্লিষ্ট কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available