• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩৩ সকাল ১১:২২:৪৭ (07-May-2026)
  • - ৩৩° সে:

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইল বাংলাদেশ

৭ মে ২০২৬ সকাল ০৮:৩৩:০১

তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-চীন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই), রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার নিয়েও আলোচনা হয়েছে।

জাগো নিউজের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ৬ মে বুধবার বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

Ad
Ad

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে ৫ থেকে ৭ মে বেইজিং সফর করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Ad

যৌথ বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ তার উন্নয়ন অগ্রযাত্রায় চীনের দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছে।

দীর্ঘদিন ধরে আলোচিত এ প্রকল্পে চীনের সম্পৃক্ততা বাংলাদেশের পানি ব্যবস্থাপনা ও উত্তরাঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে প্রকল্পটিতে চীনের অংশগ্রহণ নিয়ে ভারতের আপত্তির বিষয়টিও কূটনৈতিক মহলে আলোচনায় রয়েছে।

বৈঠকে দুই দেশ উচ্চমানের বিআরআই সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে একমত হয়। বাণিজ্য, বিনিয়োগ, শিল্প, ডিজিটাল অর্থনীতি, স্বাস্থ্যসেবা, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। চীন জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ঢাকা ও নেপিডোর মধ্যে সংলাপভিত্তিক সমাধান প্রচেষ্টায় তারা সমর্থন অব্যাহত রাখবে।

এছাড়া দুই দেশ পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়ানো, উন্নয়ন কৌশলের সমন্বয় এবং চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, উভয়পক্ষ শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতিতে অটল থাকবে এবং বহুপাক্ষিকতা, জাতিসংঘ সনদের নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখতে কাজ করবে।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ও চীন। দুই দেশ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শান্তি পুনঃপ্রতিষ্ঠায় কূটনৈতিক উদ্যোগের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

সফর শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী চীনের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং সুবিধাজনক সময়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us