অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চলতি সপ্তাহে ঢাকায় আসছে। সফরকালে জাতীয় সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং সংসদ ভবন ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তারা।
৭ এপ্রিল মঙ্গলবার ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে প্রতিনিধিদলের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরের সময়ে প্রতিনিধি দল জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন সরকার গঠনের পর এই সফরের মাধ্যমে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি দেওয়ার আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বাংলাদেশে জ্বালানি চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে এলএনজি সরবরাহের সম্ভাবনা, কৃষি ও জলবায়ু পরিবর্তন খাতে সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি বিষয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দিয়েছেন।
এই সফরকে কূটনৈতিক পর্যবেক্ষকরা বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে দেখছেন, যেখানে শিক্ষা, বাণিজ্য ও জলবায়ু সহযোগিতার পাশাপাশি নারী ও শ্রমশক্তি উন্নয়নেও দুই দেশের অংশীদারত্বকে আরও দৃঢ় করার সম্ভাবনা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available