স্পোর্টস ডেস্ক: আসন্ন বিশ্বকাপ সামনে রেখে নিজেদের অনুশীলন ক্যাম্প যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুমতি পেয়েছে ইরান। আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে পূর্বনির্ধারিত পরিকল্পনা পরিবর্তন করে দেশটি।
ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে তাদের বিশ্বকাপ বেসক্যাম্প স্থানান্তরের অনুমোদন দিয়েছে। আগে দলটির প্রস্তুতি শিবির হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে। তবে এখন ‘টিম মেল্লি’ তাদের সদর দপ্তর স্থাপন করবে মেক্সিকোর তিহুয়ানায়।
অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তের ঘোষণা দেন। সম্প্রসারিত ৪৮ দলের বিশ্বকাপ চলাকালে উত্তর আমেরিকায় দলের অবস্থান ঘিরে জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগ থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
টাকসনের কিনো স্পোর্টস কমপ্লেক্স ছাড়ার পেছনে মূল কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কথা উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা ও ফেডারেশনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে অবস্থানকালে সম্ভাব্য বিঘ্ন ও দলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
ফেডারেশনের মতে, তিহুয়ানায় দলকে আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ পরিবেশে রাখা সম্ভব হবে। সেখানে অনুশীলন মাঠ, জিম, ব্যক্তিগত রেস্তোরাঁসহ দলের প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে বলেও জানানো হয়।
ফেডারেশন সভাপতি মেহদি তাজ বলেন, বেসক্যাম্প পরিবর্তনের অনুমোদন পেতে ফিফার সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করতে হয়েছে। ফেডারেশনের প্রকাশিত বিবৃতিতে তিনি জানান, ইস্তাম্বুলে ফিফা ও বিশ্বকাপ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং তেহরানে ফিফার মহাসচিবের সঙ্গে ভার্চুয়াল আলোচনার পর আবেদনটি অনুমোদন পায়।
নিরাপত্তার পাশাপাশি ভৌগোলিক দিক থেকেও তিহুয়ানা ইরানের জন্য সুবিধাজনক হবে বলে মনে করছে ফেডারেশন। গ্রুপ জি-তে ইরান ক্যালিফোর্নিয়ার ইংলউডে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ খেলবে। এরপর সিয়াটলে মিশরের মুখোমুখি হবে দলটি। তিহুয়ানা লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি হওয়ায় প্রথম দুই ম্যাচের যাতায়াত সহজ হবে।
এছাড়া এই সিদ্ধান্তে ভিসা ও ভ্রমণসংক্রান্ত জটিলতাও কমবে বলে আশা করছে ইরান ফুটবল ফেডারেশন। মেহদি তাজ জানান, দলটি সম্ভবত ইরান এয়ারের ফ্লাইট ব্যবহার করে মেক্সিকোতে যাতায়াত করতে পারবে।
বিশ্বকাপে টানা চতুর্থবার অংশ নিতে যাওয়া ইরান এবার ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরোনোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে।
সূত্র: এপি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available